অরুণাভ সরকার
প্রজাপতি মাথা কোটে জানালার কাচে
প্রজাপতি স্বচ্ছতা জানে না
স্বচ্ছতা জানে না বলে মাথা কোটে
ভাবে, ওই তো রয়েছে তার কাঙ্ক্ষিত আকাশ
এক্ষুনি সে উড়ে চলে যাবে।
আকাশ আকাশে থাকে
জানালায় থাকে স্বচ্ছ কাচ
প্রজাপতি মাথা কোটে স্বচ্ছতায়, কাচে
প্রজাপতি স্বচ্ছতা জানে না বলে মাথা কোটে।
প্রজাপতি মাথা কোটে জানালার কাচে।

