পুরনো সম্পর্কগুলি তাকে বলা হয়ে গেলে পরে
সে আমাকে নিয়ে এল অন্য এক নতুন শহরে
সেখানে প্রত্যেকটি মোড়ে সবুজ হলুদ পতাকায়
ঝরে যাওয়া পুরুষের অঙ্গ ও প্রত্যঙ্গ শোভা পায়
আমি তাকে প্রশ্ন করি : বলো আরও কী কী জানতে চাও!
গোপন করিনি আমি গোপনীয়তম যন্ত্রণাও
সে আমাকে হাসিমুখে বলে : দ্যাখো চিনতে পারো নাকি –
আমি এই অলৌকিক শহরের কোন্ প্রান্তে থাকি?
তখন পতাকাগুলি কেঁপে ওঠে হিমেল বাতাসে
অলিতে গলিতে শুধু মৃত পুরুষের গন্ধ ভাসে
আমি বুঝতে পেরে যাই, আমাকে যে এনেছে এখানে
সে আমার ফেলে-আসা শহরের সবটুকু জানে
অগত্যা, নতুন এই শহরের অন্য একটি মোড়ে
নতুন পতাকা, তার ঝরে যাওয়া অঙ্গ নিয়ে, ওড়ে…

