আমাকে সেইসব মানুষের কাছে নিয়ে চল
যারা কাঁধে কাঁধ হাতে হাত রাখতে ভুলে গেছে,
আমি কেবল একটিবার তাদের শীতলতা পরখ করতে চাই।
যে আগ্নেয়গিরি বহুদিন ধরে ঘুমিয়ে
পারলে তার জমাট লাভা একটু এনো আমার জন্য,
আমি ব্লাড ব্যাংকে জমে থাকা প্লাজমা কখনো দেখিনি।
আমাকে তাদের চিনিয়ে দিও
যারা রাস্তার দোহাই দিয়ে গাছের গোড়ায় বিষ ঢালে,
আমি কেবল একটিবার তাদের হৃদয়ে উঁকি দিতে চাই।
যে শবদেহগুলো হিমঘরে অন্তিম অপেক্ষায়
পারলে ওদের ফ্রিজারটা বন্ধ করে দিও,
আমি অনিয়ন্ত্রিত পচন কখনো দেখিনি।

