১.ওয়াশিংটন
দুরন্তকে বাগে এনেছ
বিদ্রোহীকে আপোস
কিন্তু তোমার হাত ফস্কে শোল পালালো
সেটাই আপসোস
আমার সেটাই আপসোস!
২. চমস্কি
আপনি কারো চাকর নন
আপনি কারো মাতব্বর নন
ভিক্ষে দেননি, ভিক্ষে নেননি
পৃথিবী জুড়ে তবু আপনার ভক্ত অগণন।
গোলাপ খেয়ে
গোলাপ বমি করে
মরার কথা ছিল না যাদের
তারাও গেছে মরে।
ওরা যখন গায়ের জোরে, বোমার জোরে
হাতে নিয়েছে মরুতেলের ঠিকা
আমেরিকার মধ্যে থেকেও
আপনি তখন আরেক আমেরিকা।
৩. প্যালেস্টাইন ইজরায়েল
এক আকাশ জুড়ে তখন বৃষ্টি
বৃষ্টি নাকি দুভাগ হবে, কী করে হয়?
পাড়ার ছেলে, রকের ছেলে, তেড়ে দিচ্ছিল খিস্তি
এক আকাশ জুড়ে তখন বৃষ্টি।
বৃষ্টি নাকি দুভাগ হবে, কী করে হয়?
পৃথিবী জুড়ে এল.ও.সি, কাঁটাতারের ভয়
এপারে এক ইহুদি মেয়ে, ওপারে তার প্রেমিক বেদুইন
আর ওইপাশে আরব মাতৃভূমি
নিজের ভাষায় কথা বলতে ভয় পেয়েছ তুমি?
মাঝখানে নামে বৃষ্টি
মেলেনি ওই মেয়েটি আর বেদুইনের দৃষ্টি
কারা করেছে প্যালেস্টাইন?
কারা করেছে, কারা করেছে ইজরায়েলের সৃষ্টি?

