সাবিনা ইয়াসমিন
কে জানত শুকিয়ে যাবে
এইসব বিসত্মীর্ণ নদী
মরে যাবে লাল চাঁদ
এমনকি টইভুইজুড়ে জ্বলদর্চির মতো জ্যোৎস্নায়
অপেক্ষারত অনড় অহল্যার শরীরে
জন্ম নেবে দীঘল শষ্প
আর, শীতঘুম ভেঙে
কোনো এক ঘোরলাগা ভোরে
কবি ফিরবেন বলে ওমে
চোখ মেলবে আদুরী রোদ?
এও কি জ্ঞেয় ছিল
ভালোবাসার চেয়েও
বেশি কিছু জঙ্গম আছে
সঞ্চারণশীল, প্রাণ থেকে প্রাণে?
কে জানত কবিরাও কখনো কখনো
জ্যোৎস্নায় ফিরবেন না বলে
রোদ্দুরে ফিরবেন না বলে
ভীষ্মের প্রতিজ্ঞা করেন
পৌর্বাপর্য না বুঝেই?

