শেষপর্যন্ত মানুষই মানুষকে নিয়ে যায়
দুঃসময় থেকে সুসময়ে
সর্বাঙ্গে সন্ধের রং মেখে নিশিপক্ষী
নিজস্ব নীড়ে ফিরে আসে
দিনান্তে কোথায় তুমি যাও, মেঘবতী
বিকাশ-উন্মুখ গতির চাঞ্চল্যে
শূন্য সময়ের গর্ভ থেকে শুরু হয় তোমার নিয়তিবিদ্ধ যাত্রা
এবং আমার মর্মমূল
সেতো তোমার অস্তিত্বের শিকড়ের নামান্তর মাত্র
পড়ন্ত হেমন্তের প্রান্তরের আদিগন্ত রুক্ষতা
অন্তর্গত অক্লান্ত তৃষ্ণা তীব্রতর করে তোলে
আর সমতল জীবনের বুকে জেগে ওঠে অনন্তের অভিমুখে ধাবমান অবিশ্রান্ত নবজাত ঢেউ।।

