এখানে শীত শেষে এসেছে উষ্ণতা
ধূপছায়া সময় মেলেছে শতদল
কখন ভালোবেসে লিখেছিলি কবিতা
এখনো কথাকলি ভাবনা চঞ্চল
আমি তো আমি নই তুই কি শুধু তুই
প্রশ্নে নীরবতা উত্তর ধ্রুপদী
খুলেছে ছিপি আজ চঞ্চল ঝরনা
যদিও আমি নই মাতাল নিরবধি
তাহলে কাকে বলে ভ্রমণ বল পাখি
কখন ঢাকা এসে সিডনি খুঁজে পায়
পাহাড় যদি দেয় মেঘের ডানা মেলে
মরু কি তবে মহাসাগর হয়ে যায়
যদিও চাওয়া পাওয়া আজো চিরন্তন
পোতাশ্রয়ে খালি নৌকো বাঁধা থাকে
এপারে অপেরার অথই মূর্ছনা
শকটচঞ্চল সেতু ওপারে ডাকে
শুভ্র শরতের দীপ্র শামালোকে
বিগত বর্ষার ক্ষিপ্র করাঘাত
তাই কি কবিতার জন্ম অবারিত
সংগোপন মনে গভীর গিরিখাত
মেখেছি সজ্ঞানে তোর সুরভি আমি
লিখেছি তোর নাম অক্ষরপ্রবাহে
এখানে আমি আর একমাত্র তুই
পৃথিবী জ্বলে পুড়ে মরে ঈর্ষাদাহে

