আমি খুব বেশি বেশি লিখতে চেয়েছিলাম
অন্তত বাড়ুক ফুলের বাগান
দালানকোঠা না-বেড়ে হোক ফুলফল
যদি নাও জন্মে ঝুল ঝুল ফলদ রাধিকাগাছ
বেড়ে যাক সব কাঁটাবন, ঝোপঝাড়
গড়ে উঠুক, শেয়াল জোনাকপোকার নিশ্চিত আবাস
আমি হেঁড়ে গলায় এই বেসুরো কণ্ঠে ধরি গান
সময়-অসময়
এক্ষেত্রে সবার আগে রবিবাবুর সংগীত
এমন স্পর্ধা দেখে
কবিগুরু যেন রোজ ক্ষিপ্ত হন আমার ওপর
চাই, স্বপ্নে এসে গালাগাল করুক হঠাৎ বৃষ্টির মতো তুমুল
আন্না কারেনিনা নামের এক তরুণীর প্রেমে পড়ি প্রথম
প্রথম যৌবন, স্বপ্নমৈথুনে সে বলতো
তুমি অন্য কেউ নও – আমার লিও টলস্টয়

