ইতিহাস নিয়ে কথা হচ্ছে
পথে পথে বিকৃতি অবিশ্বাস
অসামান্য অর্জনসমূহ
কেন বারবার হচ্ছে বিতর্কিত?
জড়ো করি টুকরো টুকরো আলো
আমাদের অখণ্ড আলো ছিল না কোনোকালে!
ইতিহাস নিয়ে কথা হচ্ছে
ইতিহাস মানে দুবেলা দু-মুঠো ভাত
এই ভাত নিয়ে কত কথা কত রক্তপাত
আজো শুনি হাহাকার
অসহায় নিরন্ন শিশু আজো কেন কাঁদে?
উগড়ে দেওয়া বাণী ও বচন
দেখি গনগনে আগুন জ্বলছে উনুনে
নৃত্যপর চাল আর সংগীত জলের
জানি ভাত হয়ে ফুটবে অচিরে!

