বুদ্ধি ও মেধার পাপ হাসিমুখে ছড়ায় বকুল
গঙ্গা ও পদ্মার জলে ভেসে যায় ধর্মের বিধান
পড়ে থাকে হিমঘরে অনুচ্চার স্বপ্নমাখা ভুল
মায়াবী মুকুট আর নষ্টচাঁদে বড়ো পিছুটান
অলৌকিক ঘোড়াগুলো পড়ে আছে নীল আস্তাবলে
চরকাবুড়ির ঠোঁটে জমা আছে সব অভিমান
সোহাগী কুসুমে রাখা তোমাদের চতুর কৌশলে
বীজের বিস্তারে যদি বাসা বাঁধে বিষধর সাপ
বিকল্প জীবন বলো ফিরে পাবে কোন মন্ত্রবলে
বিপ্লববিমুখ ঘুমে ধুলোমাখা ম্লান অভিশাপ
কালেভদ্রে নিয়ে আসে কিছু কিছু ভুল অনুপাত
বিষণ্ন নূপুরে জমে অসমাপ্ত কবিতার পাপ

