একটি সাদা গোলাপ ফুটেছিল নিসর্গ নিয়মে
দেখলাম তার দেহরশ্মি,
শিশিরভেজা পাপড়ি দুলছে ভোরের বাতাসে।
তার আহ্বানে মুগ্ধ দু-চোখ, তবুও বলিনি
আমিই তোমার কাক্সিক্ষত নীল প্রজাপতি।
শুদ্ধ মননে স্বপ্ন বুনেছি বলে মনকে বলেছি,
দেখে তৃপ্ত হও, স্পর্শ করো না, ওই মাধবীবুকে
আপন গৌরবে পুষ্ট হোক দল বৃত্ত গর্ভকেশর।
না-বলা অভিমানে গোলাপটি পাখি হলো
পাখা নেড়ে চলে গেল অন্য আঙিনায়
আহ্বানে সাড়া দিইনি, হয়তো সেটাই ভুল ছিল!
তবু ভালো, তবু আজ সগৌরবে বলতে পারি
কখনো আমি গোলাপের পাপড়ি ছিঁড়িনি।

