আলোক সরকার
প্রজাপতি
সারাবাগান ঘুরে-ঘুরে
খোঁজ নিচ্ছে
কোন ফুলে মধু
উপচে পড়ছে।
একটা দরজা পার হয়ে
আর একটা দরজার
সামনে দাঁড়াই।
কোন দরজার
কড়া নাড়ব?
কোন দরজার ভিতরে
আয়োজন সম্পূর্ণ
হয়েছে?
খুঁজতে খুঁজতে
বেলা যায়।
দিন শেষের আলোয়
হঠাৎ টের পাই
ডাল ভর্তি
নীল কান্না, সাদা কান্না।
কার হাতে
কোন রঙের
প্রত্যাখ্যান
যথার্থ হবে?

