জৌলুসের উন্মত্ত ঢেউয়ে কাঁপছে
এ কোন ভূখণ্ডের নাভীমূল,
আচ্ছন্ন উৎসবে আছড়ে পড়ছে
মাতাল রাতের ছবি বেভুল।
রঙিন চোখে উড়ছে
ডানা মেলা প্রজাপতি রাত,
সুডৌল অস্তিত্বের দেহ কাটে
অস্থির দেহের করাত।
তরুণী পেলব ঠোঁটে পুড়ছে
ঝাঁকে ঝাঁকে যুব গোলাপ,
নৃত্যানন্দে ঘোড়ার খুরের মুদ্রায় ঝরছে
চোখের পাপড়ি, অনঙ্গ আলাপ।
এভাবে মৃত্যুর ফাঁদে হাঁটছে
বেখেয়ালি বোহেমিয়ান জীবন,
যেন শান্তির অন্বেষণে যাতনা ভুলে থাকা
মোক্ষম সময়, মাহেন্দ্রক্ষণ।

