মাহবুব বারী
১. দিনের বেলার ম্লান শাপলা তুমি
রাতের বেলা পাপড়ি মেলে ফুটেছ।
২. আমাকে পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানে
নির্বাসন দাও, হে পরওয়ারদিগার
না হলে লোহার কোনো কুঠুরিতে আটকে রাখো,
এমন কোনো নিরাপদ স্থানে
যেখানে প্রেমের বিকিরণ কোনোদিন
স্পর্শ করতে পারে না।
৩. তোমার মধ্যে কোনো ভাব নেই
তোমার মধ্যে কোনো ভালোবাসাও নেই
তুমি এক সাহারা মরুভূমি
কিংবা তুমি এক পাথরের পাহাড়
যার একটি ঝরনাও নেই।
৪. চিরকাল আমি এক প্রবৃত্তির দাস হয়ে রইলাম
চিরকাল আমি এক কামনার দাস হয়ে রইলাম
মানুষ যে প্রেমে পাগল হয়
আমি তাও হলাম না।

