শ্যামলকান্তি দাশ
আমাকে হয়তো কিছুদূর নিয়ে গেলে
আমাকে হয়তো আরো দূর নিয়ে যাবে
ওভাবে পালাতে পারব না আমি আর
আমাকে কোথাও পুঁতে রেখে যেও তুমি।
গ্রামের দুপাশে উদাত্ত বাঁশবন –
কোনো উৎপাত ধারেকাছে ঘেঁষবে না।
চোখ ফুঁড়ে-ফুঁড়ে যেদিন উঠবে গাছ
বুক খামচিয়ে যেদিন গজাবে পাতা
মাথা চুরমার, যেদিন উড়বে ছাই
দেখো তো আমার উদ্ভাস কতখানি।
আমিও ছিলাম তোমাদের ভাঙা দলে
আমিও ছিলাম সুগভীর কঙ্কাল
মুখ দেখতাম কালিপড়া লণ্ঠনে
জানাতে একটু বিলম্ব হয়ে গেল!

