আমি যখন তোমাকে ‘শুভ রাত্রি’ বা ‘শুভ সকাল’ জানাই
তখন নিজেকে বড় বেশি দীনহীন বলে মনে হয়
স্বাগত জানানোয় বিস্তৃত হতে থাকে আমার যত ফর্মালিটি
এমনকি ধন্যবাদ জানানোর সময়ও মনে হয় দরিদ্রই আমি
আসলে এইসব মামুলি শব্দে হয় না আমার।
আমি যখন সম্ভাষণে জানতে চাই – কেমন আছো?
এই জিজ্ঞাসায়ও ছড়িয়ে পড়তে থাকে পরিহাসের ঘ্রাণ
‘দখলদার’ আর ‘বর্বর’ এই শব্দদুটিও
বিস্তৃত হতে পারত মারণাস্ত্রের শক্তির সমান
আসলে এইসব মামুলি শব্দে হয় না আমার।
আমার জন্য তুলে আনো সেইসব শব্দ কিংবা শব্দসংকেত
যার প্রকাশে মুহূর্তেই নির্ণীত হয়ে উঠবে হিমালয়ের ভার
যার ব্যঞ্জনায় সহসাই বোঝা যাবে সমুদ্রের অতল তল
যার আর্তনাদে ধরা দেবে আকাশের হাহাকার কতটা গভীর
কেবল বিরহ আর ভালোবাসা শব্দদ্বয় পৃথিবীতে অক্ষত থাক।
আসলে এইসব মামুলি শব্দে হয় না আমার।

