বসন্তে ১টা শুক্রবারের দিবাভাগ

এই বসন্তে ১টা শুক্রবারের দিবাভাগ তুমি কীভাবে কাটাবে

ও গোলাপি ঠোঁট গালে টোলপড়া মাঝবয়সী সুগঠিত রমণী?

কেউ না জানুক অন্তত আমি জানি এর সবটুকু

প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণের ছলে

সখীসঙ্গীসাথি নিয়ে ফুলের বাগানে

প্রিয় লাল গোলাপ খোঁপায় গেঁথে ফটোশুটে যাবে তুমি

এরপর বাড়িতে অলস দুপুরের বিছানায় এদিক-ওদিক

আর ২৫ বসন্ত আগেকার কোনো স্মৃতি রোমন্থন

যদি মাথাচাড়া দিয়ে ওঠে

আমি জানি সেসব তুমি ছুরিকাঘাত করতে চাইবে

অতঃপর ক্লান্ত হতে হতে তুমি তন্দ্রাচ্ছন্ন হবে

সম্ভবত এভাবেই তোমার কেটে যাবে

বসন্তে ১টা শুক্রবারের দিবাভাগ।