তামাটে রমণী
আমার ঘরণী
নদীটার মতো
বয় অবিরত
ঘাম দিয়ে আঁকে
প্রেম লিখে রাখে
মাটি ও বালিতে
মনের কালিতে
ভাঙা নদী বাঁক
জোনাকির ঝাঁক
হাটুরের ডাক
স্মৃতি মউচাক
প্রাচীন কাঁকরে
নখের আঁচড়ে
শরীরের ভাষা
মনে যত আশা
ঘাসেদের বনে
পাখিদের মনে
হাট-ফেরা স্বামী
মন দেহগামী
তারে লিখে রাখি
শাড়িটাকে আঁকি
টলোমলো হাসি
তারে ভালোবাসি
তারে ভালোবাসি
ফিরে ফিরে আসি
এই বাংলায়
লাউ জাংলায়
শ্যামল বরণী
আমার ঘরণী
সে আমার বিন
মনের নাগিন
ভালোবাসি তারে
ফিরি বারেবারে
এই বাংলায়
লাউ-জাংলায়।

