আকাশে চাঁদ কিংবা তারা না থাকলে
এখানকার লোক
রাত্রিকে নিশীথ বলে।
স্কুলের পরীক্ষায় প্রায়ই নিশীথের
রূপবর্ণনা লিখতে দেওয়া হয়।
ঘোর কৃষ্ণবর্ণ ও কুদর্শন এই রাত্রিকে
বেশিরভাগ লোকই সম্ঝে চলে।
কেবল দু-একটি বেপরোয়া লোক
ভয়তরাসে ঢুকে পড়ে ফুলের বনে
পাতার অন্তরালে ঘাপটি মেরে থাকে
ফুলের বন লুট করবার এই হচ্ছে আদর্শ সময়।
কী এক গুহ্যবিদ্যার জোরে
বাগান ঝেঁটিয়ে তারা নিয়ে পালায়
যাবতীয় ফুলের গন্ধ।
নিশীথে ফুলের বনে এই অতর্কিত অত্যাচার
পাতাজোড়া সংবাদ হয়ে খবরের কাগজে বেরোয়।

