অলোকরঞ্জন দাশগুপ্ত
খুব সম্ভব মৃত্যুর মুখ থেকে
ফিরে এসে তাঁর খিদে পেয়েছিল খুব,
বললেন : ‘এসো, সেরে নিই প্রাতরাশ’,
সঙ্গে-সঙ্গে শিষ্যেরা জাল ফেলে
ধরল একশো তেপ্পান্নটা মাছ।
হ্রদের কিনারে কাঠকয়লার অাঁচে
মাছ ভাজা হলো ভয়ানক পরিপাটি,
চেটেপুটে খেল নির্বাচিতেরা, আর
যারা ভাজা মাছ উলটে খেতে জানে না
এই রকমের হাজার পাঁচেক আরো।
সেন্ট জনের বিখ্যাত গসপেলে
শুনেছি এসব, বৃত্তিতে ছিল সেই
শিষ্যেরা জেলে, আর বিধাতার ছেলে,
তবু বিশ্বাস করতে ইচ্ছে হয়
মৃত্যু আমার নাকের ডগায় এলে

