ফিরে গেলে এবার – মন্ত্র দেবো তোমায়
কীভাবে ঢেউমন্ত্রে পার হতে হয় নৌ-যুবতীর গাঙ
আমি যে বাড়তি দেহের মানুষ
জানবে কোনো কোনো পারাপার কেন এত সহজ নয়
যেমন এত সরল সমীকরণ নয় মালা গাঁথার ফুলপথ
ওই অর্ঘ্যরে অঙ্গে লেগে আছে
প্রজাপতিদের আকাশ নামানো বর্ষার গান
মৌরানির ফুল থেকে ফুলে নিষিক্ত সময়ের ঘ্রাণ
শত স্মৃতি স্মরণ করাবো না এবার ফিরে এলে
শুধু একটা দুপুর ঊর্ধ্বকাল হয়ে ওঠো ওই ভেজা সুন্দর
বর্ষার স্নানে ভেজা শরীর দৃষ্টিভেদী স্বচ্ছ পারাপারে
আমার বাড়তি দেহে তোমার পোশাক বদল

