কবিতা স্বপ্নের মতোই
থেকে থেকে উঁকি দেয়
চেতনার শৈল্পিক নগরে।
ভাবুক মনের ঘরে ঢেউ খেলে
শব্দ ছন্দের ব্যাকুল তৃষ্ণা,
উজ্জীবিত অলকানন্দা ফুল।
বাবুই পাখির ঠোঁট
যেরকম ক্রমে ক্রমে বুনে যায় বাসা
সেই ধাঁচে কবি তার নিপুণ হাতে
এঁকে যায় কবিতার রূপ,
বোধ ও অব্যক্ত বেদনার লিপি।
কবিতা প্রেমিকার মতোই
মাঝে মাঝে দেখা দেয়, মাঝে মাঝে কথা
হিমহিম কাঁপন তুলে
বুকে আঁকে মৃদু ব্যাকুলতা।

