আত্মহননের জন্য একটি কবিতা
হঠাৎ লাফিয়ে পড়ে অরণ্যের অগ্নিকুণ্ডলীতে
সাক্ষী এই বনভূমি আর তার শোকার্ত প্রকৃতি।
হায়! হায়! করে উঠল সারি সারি বৃক্ষ আর
লতাগুল্ম দোলানো বাতাস
বাঁচানো গেল না সেই অভিমানী কিশোরী কবিতা।
কেঁদে উঠলো পশুপাখি বনের যত বাসিন্দা!
সীমাহীন সবুজের মর্মমূলে কে জ্বেলেছে এই
ভয়াল আগুন? প্রশ্নে নিরুত্তর যখন সভ্যতা
তখন কী করে বাঁচে নিষ্পাপ কবিতা?
আত্মহননের এই দৃশ্য কাঁদিয়েছে নিঃসঙ্গ কবিকে।
সেই কবিতার জন্য লিখি এপিটাফ
মানুষের যত পাপ আর অনুতাপ নিয়ে জাগো,
জেগে থাকো বিপন্ন প্রকৃতি।

