তোমার নামে সন্ধ্যা নামে
তোমায় ডাকে বিল
লক্ষ কোটি শাপলা ফোটে
তারারা ঝিলমিল।
তোমার নামে মান্তি দিয়ে
যাই পাহাড়পুর
বৌদ্ধ ভিক্ষুর হৃদমাজারে
তোমার সুরাসুর।
তুমি আমার শীতের রাতের
নকশিকাঁথার ওম
হৃদকমলে জড়িয়ে রাখি
আধফোটা গন্ধম।
তোমার নামে সন্ধ্যা নামে
বাড়ে গাঙের জল
তুমি আমার কোমলগান্ধার
চোখ দুটো ছলছল।
তোমায় যদি হারিয়ে ফেলি
সন্ধ্যা নদীর জলে
কে জ¦ালাবে আগরবাতি
আমার মরণকালে।

