পিয়াস মজিদ
জীবন চলে যায়
চলে যেতে থাকে
শারদীয় পঙ্ক ও পূর্ণিমায়;
স্বপ্ন ও ক্ষুধাকল্পনায়
দানা বাঁধে যত
হেমন্তরুধির কিংবা
কালপুরুষের কারুকাজ।
বিগত বর্ষার
মরচেপড়া মেঘদূত
চেয়ে চেয়ে দেখে
পাখাহীন আমি
তোমার দিগন্তে
কেমন প্রজাপ্রতিপ্রোজ্জ্বল!
আর প্রেমবর্ণ হিম মুছে দেয়
ঋতুদের বিধিবদ্ধ ছয়রঙা বাহার।

