অরুণাভ সরকার
পৃথিবী বিস্ময়ে ভরা
ব্যাবিলনের বাগান আর
মস্কোর ঘণ্টা
মিশরের পিরামিড
মমি করা সুন্দরীর দেহ
সবই খুব বিস্ময় জাগায়
বিস্ময় জাগায় নদী
সাগর, পাহাড়, বনভূমি
সমস্ত পৃথিবী ভরা
এরকম অপার বিস্ময়
তবু প্রশ্ন উঠেছিল, আপনার বিস্ময়ে কীসে?
যুধিষ্ঠির বলেছিলেন,
মরণশীল মানুষও
নিজের মৃত্যুর কথা ভাবে না কখনো।
অনেকেই ভাবে না, সত্য
কিন্তু কেউ কেউ ভাবে –
রবীন্দ্রনাথ, লালন ফকির
এরকম আরো কেউ কেউ।
কেউ কেউ নিজের মৃত্যুকে ডেকেও আনে
হেমিংওয়ে, জীবনানন্দ
সুভাষিণী সিলভিয়া প্লাথ।
তাই মৃত্যু নয়, জীবনের কথা বলি।
মানুষেরা বহুগামী
তবু প্রতিটি মানুষ চায়
তার নারীরা সকলে হবে অছিন্না কুমারী!

